বরিশাল
আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মো. ফরহাদ হোসাইন আন্তর্জাতিক অঙ্গনে গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। তাঁর নতুন গবেষণার বিষয় উপস্থাপনের সুযোগ হয়েছে International Conference on Physical Science 2026-এ, যা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (SUST) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST) এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়েশিয়া পারলিসের (UniMAP) যৌথ আয়োজনে অনুষ্ঠিত EFAST 2026 আন্তর্জাতিক সম্মেলনে তিনি নিজের গবেষণা উপস্থাপন করেন। সম্মেলনে উপস্থাপিত তাঁর গবেষণাপত্রটি বর্তমানে আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য সংশোধন (Revision) পর্যায়ে রয়েছে। এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনেও তাঁর গবেষণা উপস্থাপিত হয়েছে।
আন্তর্জাতিক জার্নালে ফরহাদের মোট তিনটি গবেষণাপত্র রয়েছে, যেগুলোর সংশোধন-সংক্রান্ত কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি আরও দুটি উন্নতমানের গবেষণাপত্র নিয়ে কাজ করছেন তিনি। ভবিষ্যতে এসব গবেষণা আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেছেন ফরহাদ।
মো. ফরহাদ হোসাইন ২০২৬ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে থিসিসসহ স্নাতকোত্তর (এমএস) ডিগ্রি অর্জন করেন। মাস্টার্সে তিনি ৪.০০-এর মধ্যে ৩.৮৯ সিজিপিএ অর্জন করেন। বর্তমানে তিনি গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রস্তুতি নিচ্ছেন।
তাঁর গবেষণার মূল আগ্রহের ক্ষেত্র হলো Computational Fluid Dynamics (CFD), Natural Convection, Heat Transfer, Magnetohydrodynamics (MHD) এবং Thermal Performance Optimization। এসব বিষয়ে সংখ্যাতাত্ত্বিক সিমুলেশন, গাণিতিক মডেলিং ও আধুনিক গবেষণাপদ্ধতি প্রয়োগ করে কাজ করছেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফরহাদ হোসাইন জানান, বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ অর্জন এবং পরবর্তী সময়ে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন।


