সারাদেশ
শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব রাষ্ট্রের
নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় জন্ম নেওয়া শিশুটির ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অপর আসামি আমান উল্লাহর বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে আনা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিশুটির মা। তিনি বলেন, আসামির সর্বোচ্চ শাস্তি হওয়ায় তিনি সন্তুষ্ট। একই সঙ্গে তার মেয়ে ও নাতনির ভরণপোষণ এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আদালতের নির্দেশনায় স্বস্তি পেয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর জানান, মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ৬০ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন হয়। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন। এতে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, মা-বাবার বিচ্ছেদের পর শিশুটি নেত্রকোনার মদনে তার নানার বাড়িতে থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন। একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং শারীরিক পরিবর্তন দেখা দিলে তার মা বাড়িতে ফিরে আসেন।
গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ধর্ষণের বিষয়টি প্রকাশ করে।
এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ও তার বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মামলা করেন। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে আমান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নির্দেশে তার ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই একটি কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি।
পরে আদালতের নির্দেশে নবজাতক ও তার মায়ের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান গত ২৭ আগস্ট আমান উল্লাহ মাহমুদী ও তার বড় ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২৮ সেপ্টেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন।


