তজুমদ্দিন
তজুমদ্দিনে পুলিশের অভিযানে ছাত্রলীগের তিন নেতা আটক
ভোলার তজুমদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানজিল, দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মো. রবিন এবং ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. তানজিল।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


