পটুয়াখালী
বাউফলে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আদালত অবমাননার নোটিশ
পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব নিয়ে হাইকোর্টের নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পটুয়াখালীর জেলা প্রশাসকসহ তিন সরকারি কর্মকর্তাকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের আইনজীবী।
সোমবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী এম জি মাহমুদ (শাহীন) সংরক্ষিত নারী সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোসা. আলেয়া বেগমের পক্ষে এ নোটিশ পাঠান।
নোটিশপ্রাপ্ত অন্য দুই কর্মকর্তা হলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. তারেক হাওলাদার ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
নোটিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ মে আলেয়া বেগমকে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ২৪ আগস্ট এক আদেশে ওই দায়িত্ব সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলুর কাছে হস্তান্তর করা হয়।
এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আলেয়া বেগম। রিটের পরিপ্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর আদালত ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন। তবে আদালতের স্থগিতাদেশের পরও তাঁকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। এ কারণেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, আদালত অবমাননার নোটিশ এখনো তাঁর হাতে পৌঁছায়নি।
আলেয়া বেগমকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেয়াদ কয়েক মাস আগেই উত্তীর্ণ হয়েছে। মেয়াদ না থাকায় সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।


