গৌরনদী
সরকারি টয়লেট বরাদ্দ ঘিরে টাকা আদায়ের অভিযোগ, জড়াচ্ছে বিএনপি নেতাদের নাম (!)
বরিশালের গৌরনদীতে দরিদ্র মানুষের জন্য সরকারি বরাদ্দের টয়লেট বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। সরকারি হিসাবে প্রতিটি টয়লেটের জন্য উপকারভোগীর সহায়ক চাঁদা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। কিন্তু অভিযোগ রয়েছে, তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য মানুষের কাছ থেকে ৬ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অথচ তালিকা প্রণয়নের জন্য কাউকে দায়িত্ব দেয়নি সংশ্লিষ্ট সরকারি দপ্তর। এমনকি তালিকাও এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।
বিষয়টি সামনে আসার পর ‘ইউএনও গৌরনদী’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সেখানে জানানো হয়েছে, গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় দরিদ্র মানুষের জন্য নির্মিতব্য উন্নত টয়লেটের সহায়ক চাঁদা ৫ হাজার টাকা। তালিকা চূড়ান্ত হওয়ার পর নির্ধারিত ব্যাংক হিসাবে এ অর্থ জমা দিতে হবে। এর বাইরে অন্য কোনো সরকারি খরচ নেই।
ইউএনওর ওই পোস্টের মন্তব্যের ঘরেই অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামনে আনেন বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল তাঁর ‘জাফর আনান’ ফেসবুক আইডি থেকে ৭ হাজার টাকা নেওয়ার বিষয়টি তুলে ধরেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব জানান, সরিকলে সাড়ে ৫ হাজার টাকা নেওয়া হচ্ছে। উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ অভিযোগ করেন, বার্থীতে ৭ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। চাঁদশীতে একজনের কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগও আসে।
এসব মন্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা গেছে, গৌরনদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে তালিকা তৈরির কোনো দায়িত্ব দেওয়া না হলেও উপজেলার সাত ইউনিয়নে তালিকা প্রণয়নের কাজ করছেন ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতারা। তালিকায় নাম থাকা কয়েকজন উপকারভোগীর সঙ্গে কথা বলেও অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
খাঞ্জাপুর ইউনিয়নের তালিকায় নাম থাকা হান্নান মীর জানান, তাঁর কাছ থেকে ৭ হাজার টাকা নেওয়া হয়েছে। গৌরনদী বাসস্ট্যান্ডের একটি অফিসে বসে ফরম ও টাকা জমা নেওয়া হয়। তিনি বলেন, তাঁর সঙ্গে আরও তিনজনের ফরম ও ৭ হাজার টাকা করে জমা নেওয়া হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক সরদার তাঁকে ফরম দিলেও টাকা নেননি। বাসস্ট্যান্ডে যাঁরা টাকা নিয়েছেন, তাঁদের তিনি চেনেন না।
বার্থী ইউনিয়নের তালিকাভুক্ত পারুল বেগমও একই ধরনের অভিযোগ করেন। তিনি জানান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর মাধ্যমে টয়লেটের জন্য নাম দিয়েছেন। তবে মিন্টু তাঁর কাছ থেকে টাকা নেননি। গৌরনদী বাসস্ট্যান্ডে বসে অন্য ব্যক্তিরা টাকা নিয়েছেন। তালিকায় থাকা আরও কয়েকজনের বক্তব্যেও একই তথ্য পাওয়া গেছে।
বাটাজোর ইউনিয়নের তালিকায় থাকা রেকসোনার স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গৌরনদী বাসস্ট্যান্ডের আগৈলঝাড়া সড়কে তাঁদের কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, সাধারণত ৭ হাজার টাকার নিচে নেওয়া হয় না। অনুরোধ করে তিনি এক হাজার টাকা কম দিয়েছেন। একই ইউনিয়নের তালিকাভুক্ত পারভীনের কাছ থেকেও ৭ হাজার টাকা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক সরদার বলেন, তাঁরা টয়লেটের তালিকা দিয়েছেন, কিন্তু কারও কাছ থেকে টাকা নেননি। তাঁর অভিযোগ, জসিম শরীফ ও আকবর নামের দুজন সরকারি নির্ধারিত ৫ হাজার টাকার পরিবর্তে ৭ হাজার টাকা করে নিয়েছেন। বিষয়টি জানার পর তিনি প্রতিবাদ করেছেন। দরিদ্র মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু বলেন, তাঁর কাছে ৭০ জনের তালিকা চাওয়া হয়েছিল। তিনি সেই তালিকা দিয়েছেন। তবে টাকা জমা নিয়েছেন আশোকাঠীর আকবর। তাঁর অভিযোগ, উপকারভোগীদের কাছ থেকে ৭ হাজার টাকা করে নেওয়া হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ প্যাদা টয়লেটের তালিকা তৈরির বিষয়টি স্বীকার করলেও কারা টাকা নিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি।
অভিযোগে উঠে আসা ব্যক্তিদের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, জসিম শরীফ উপজেলা যুবদলের পদবিহীন নেতা এবং উপজেলা বিএনপির সদস্যসচিবের ভাতিজা। অন্যদিকে মিজানুর রহমান আকবর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক। জসিম শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি সালিশিতে ব্যস্ত থাকার কথা বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
গৌরনদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, উপজেলায় ৫৯৫টি টুইন পিট টয়লেট বরাদ্দ রয়েছে। প্রতিটি টয়লেটের জন্য উপকারভোগীকে সহায়ক চাঁদা হিসেবে ৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। এর বাইরে কোনো খরচ নেই।
তিনি বলেন, তালিকা তৈরির জন্য তাঁদের দপ্তর থেকে কাউকে নির্দেশনা দেওয়া হয়নি। ইউনিয়ন পরিষদ থেকে তালিকা পাওয়ার পর তা উপজেলা ওয়াটসান কমিটির মাধ্যমে প্রকল্প পরিচালকের (পিডি) কাছে পাঠানো হবে। পিডির অনুমোদনের পর ব্যাংকের মাধ্যমে সহায়ক চাঁদা জমা নেওয়া শুরু হবে। এখনো তালিকা অনুমোদিত হয়নি। ফলে সরকারি দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের সহায়ক চাঁদা গ্রহণের সুযোগ নেই।
অতিরিক্ত অর্থ লেনদেনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ অতিরিক্ত টাকা নিয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, সরকারি অফিস ছাড়া অন্য কারও হাতে টাকা না দেওয়ার জন্য উপকারভোগীদের সতর্ক করা হয়েছে। এরপরও কেউ টাকা নিয়ে থাকলে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি বরাদ্দের সুবিধা পেতে দরিদ্র মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে সরকারি দপ্তরের অনুমোদন ছাড়াই তালিকা তৈরির কাজ এবং নির্ধারিত অর্থের বাইরে টাকা নেওয়ার অভিযোগ প্রকল্পটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।’


