বরিশাল
ঝাড়ু মিছিল ঘিরে পুলিশের সামনেই ৫ জনকে কুপিয়ে জখম, ২ ভাই আটক
বরিশালের বাবুগঞ্জে ঝাড়ু মিছিলকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। ধারালো অস্ত্রের আঘাতে অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই সহোদর সোহাগ আকন ওরফে রাঙ্গা সোহাগ এবং সবুজ আকনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
অভিযুক্ত সোহাগ আকন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। তাঁর ভাই সবুজ আকন বরিশাল জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুই ভাইয়ের নেতৃত্বেই বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে রহমতপুর বিমানবন্দর মোড়ে ইভটিজিংয়ের অভিযোগে কৃষি কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করেন সোহাগ আকন। এ সময় ঘটনাটি দেখে প্রতিবাদ করেন কলেজছাত্র স্বাধীন ইসলাম ফামিন। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ তাঁকেও চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে।
ফামিনের বাবা রহমতপুর বাজারের ডেকোরেটর ব্যবসায়ী হামিদুর রহমান হামিদ। তাঁর চাচা ফরিদ হোসেন বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি।
ছেলেকে মারধরের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ রাত ১১টার দিকে ঝাড়ু হাতে রহমতপুর সেতু এলাকায় জড়ো হন। তাঁরা সেতুতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, বিক্ষোভের খবর পেয়ে সোহাগ আকন তাঁর ভাই সবুজসহ লোকজন নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট রফিকুল ইসলাম (৫০), পারুল বেগম (৪৫) ও রিংকন বেপারী গুরুতর আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী হামিদুর রহমান হামিদ বলেন, তাঁর ছেলে ফামিন বন্ধুকে নিয়ে বিমানবন্দর মোড়ে মন্টুর দোকানে খেতে গিয়েছিল। সেখানে সোহাগ দুই শিক্ষার্থীকে মারধর করছিলেন। প্রতিবাদ করায় তাঁর ছেলেকেও চড়-থাপ্পড় মারা হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ঝাড়ু মিছিল বের করেন। পরে সোহাগ দলবল নিয়ে এসে তাঁদের ওপর হামলা চালান।
হামিদুর রহমানের দাবি, ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সোহাগ ও তাঁর ভাই সবুজকে আটক করেন। তবে মামলা হলে এলাকায় আরও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কায় বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এদিকে বিষয়টি মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব ওয়াহেদুজ্জামান প্রিন্সের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে তাঁর এবং উপজেলা বিএনপির সভাপতি সুলতান হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মেয়েঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির খবর তাঁরা পেয়েছেন। তবে তাঁর ভাষ্য, মূলত স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় দুই পক্ষ নিজেরাই মীমাংসার উদ্যোগ নিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সোহাগ ও সবুজকে আটক করা হয়েছে।
অন্যদিকে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সোহাগ এবং সবুজ নামের দুজনকে বিমানবন্দর থানা থেকে কোতয়ালি থানায় পাঠানো হয়েছে। তবে কী কারণে তাঁদের পাঠানো হয়েছে, সে বিষয়ে তাঁকে বিস্তারিত জানানো হয়নি।’
স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রহমতপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহাগ ও সবুজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগকে একসময় বহিষ্কার করা হয়েছিল। পরে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
অন্যদিকে স্ত্রীর বোনের মেয়েকে ধর্ষণের মামলায় অভিযুক্ত হওয়ার পর জেলা ছাত্রদলের সহসভাপতির পদ থেকে সবুজকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।


