গৌরনদী
গরু চুরির অভিযোগে তিনজন আটক, বরিশালে দুটি ঘরে আগুন
বরিশালের গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত লোকজনের দেওয়া আগুনে একটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুটি ঘরই সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শাহজিরা গ্রামের আজিজ মীরার (৬৫) গোয়ালঘরে একটি চোরাই গরু দেখতে পান স্থানীয় বাসিন্দা আদম আলী শিকদার। এ নিয়ে আজিজ মীরা ও তাঁর পরিবারের সদস্যদের ওপর চড়াও হন স্থানীয় কয়েকজন। একপর্যায়ে নিরাপত্তার জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন আজিজ মীরার পরিবারের সদস্যরা। খবর পেয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
স্থানীয় বাসিন্দা মৃত নাজিম আলী শিকদারের ছেলে আদম আলী শিকদার জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বুধবার রাত ৩টা পর্যন্ত তিনি নিজের গোয়ালঘর পাহারা দেন। পরে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর গোয়ালঘরে গিয়ে একটি গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
আদম আলীর দাবি, বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ স্পষ্ট ছিল। সেই ছাপ অনুসরণ করে তিনি একই গ্রামের আজিজ মীরার বাড়িতে যান। সেখানে আজিজ মীরাকে গরু পালনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি গরু পালন করেন না বলে জানান। তবে তাঁর গোয়ালঘর থেকে গরুর শব্দ শুনতে পেয়ে ভেতরে গিয়ে নিজের গরুটি শনাক্ত করেন বলে দাবি করেন আদম আলী।
এদিকে স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, সাম্প্রতিক সময়ে শাহজিরা, সাকোকাঠি, উজিরপুর ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। এতে গরুর খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শাহজিরা গ্রামের মৃত ওসমান খানের ছেলে নাসির খান অভিযোগ করেন, ১০ দিন আগে তাঁর একটি গরু হারিয়ে যায়। বৃহস্পতিবার সকালে আজিজ মীরার বাড়িতে চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে সেখানে যান তিনি। পরে গোয়ালঘরের পাশের গোবরের স্তূপে গরুর রশি ও চামড়ার কিছু অংশ দেখতে পান বলে দাবি করেন নাসির। তাঁর ধারণা, হারিয়ে যাওয়া গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে।
এসব অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে আজিজ মীরাকে জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবিতে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন উত্তেজিত লোকজন। সকাল ৭টার দিকে তাঁরা আজিজ মীরার গোয়ালঘরে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে গরু চুরির অভিযোগে আজিজ মীরা, তাঁর শ্যালকের ছেলে গৌরনদীর গোবর্ধন বড়বাড়ি এলাকার সাকিল হোসেন এবং আগরপুর এলাকার নয়ন শিকদারকে আটক করে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, পুলিশ আটক ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পর সকাল ১০টার দিকে কয়েকজন ব্যক্তি আজিজ মীরার বসতঘরে আগুন ধরিয়ে দেন। পুলিশ ফের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিরা গরু চুরির সঙ্গে জড়িত কি না এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


