জাতীয়
নানক পরিবারের ১৪৩ ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি টাকার লেনদেন, মেয়ের হিসাবেই ২৩৭ কোটি
সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং তাঁর পরিবারের সদস্যদের নামে ১৪৩টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ২৩ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে শুধু তাঁর মেয়ে এস. আমরীন রাখীর নামে থাকা ১০টি ব্যাংক হিসাবেই লেনদেন হয়েছে ২৩৭ কোটি ৪৮ লাখ টাকার বেশি। অন্যদিকে স্ত্রী সৈয়দা আরজুমান বানুর ১০২টি ব্যাংক হিসাবে লেনদেনের পরিমাণ ১০১ কোটি ৭৪ লাখ টাকা।
শুধু ব্যাংক লেনদেন নয়, নানক ও তাঁর স্ত্রী-সন্তানের নামে প্রায় ২৮ কোটি ১৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্যও পেয়েছে সংস্থাটি। এসব অভিযোগে তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক।
রোববার (১৫ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানকের নিজের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাবে ৪৬ কোটি ২৩ লাখ ১৮৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাঁর নামে স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে মোট ১৭ কোটি ৮ লাখ ৬৯ হাজার ৯২৩ টাকার। এর বিপরীতে গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৪ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ৬৫৫ টাকা। পারিবারিক ব্যয় বাদ দিয়ে নিট আয় ও সঞ্চয়ের পরিমাণ হিসাব করার পর তাঁর ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে জানিয়েছে দুদক।
নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর নামেও বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাঁর নামে থাকা ১০২টি ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকা লেনদেন হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। পাশাপাশি তাঁর নামে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদের অভিযোগ রয়েছে।
পরিবারের মধ্যে সবচেয়ে বেশি সন্দেহজনক ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে নানকের মেয়ে এস. আমরীন রাখীর নামে। তাঁর ১০টি ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। তবে তাঁর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিমাণ ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকা।
দুদকের হিসাব অনুযায়ী, নানক ও তাঁর স্ত্রী-মেয়ের নামে থাকা মোট ১৪৩টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৫০৬ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। অন্যদিকে তাঁদের তিনজনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিমাণ ২৮ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ২৭৮ টাকা।
দুদক সূত্রে জানা গেছে, এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন, সম্পদ ভোগদখলে রাখা এবং সন্দেহজনক আর্থিক লেনদেন।
আওয়ামী লীগ সরকারের সময়ে পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির নানক। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর দুদক অনুসন্ধান শুরু করে। সেই অনুসন্ধানের ধারাবাহিকতায় এবার তাঁর স্ত্রী ও মেয়ের আর্থিক লেনদেন এবং সম্পদের হিসাবও তদন্তের আওতায় আসে।
এদিকে শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আতিউর রহমান আতিক এবং তাঁর স্ত্রী শান্তনা বেগমের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা করেছে দুদক।
দুদকের অনুসন্ধানে আতিউর রহমান আতিকের নামে ৮ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ৯৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তাঁর স্ত্রী শান্তনা বেগমের নামে একই ধরনের সম্পদের পরিমাণ ৭১ লাখ ৬১ হাজার ৮৮০ টাকা।
দুদকের অভিযোগ, সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন করেন আতিক। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্ত্রীকে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
দুদক সচিব সাইদুর রহমান খান আরও জানান, দুর্নীতির মামলায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে কমিশন।’


