বরিশাল
জমি নিয়ে বিরোধের জেরে বানারীপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
বরিশালের বানারীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য। তিনি বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের পরিচিত ড্রামার ছিলেন। তাঁর বাবা মরহুম মোর্শেদ আলম দিলি মোল্লা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মোর্শেদ আলম দিলি মোল্লার পরিবারের সঙ্গে বাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন ওই পরিবারকে ৩২ শতক জমি লিখে দিয়ে বিরোধের মীমাংসা করেন। তবে ওই জমির মালিকানা ও ভাগবাঁটোয়ারা নিয়ে মোর্শেদ আলম দিলি মোল্লার দুই ছেলে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লা এবং উপজেলা যুবদলের সাবেক সদস্য শিশির বাবুর মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এরই জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে শিশির বাবু গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। শিশির বাবু মাটিতে পড়ে গেলে তাঁর বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল মোল্লা। নিহতের বুক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তাঁরা। এ ঘটনায় বিপুল মোল্লাও আহত হয়েছেন বলে জানা গেছে।


