বরিশাল
চাকরির আশায় চট্টগ্রামে গিয়ে প্রাণ গেল বরিশালের মেহেদীর, যোগদানের পরদিনই মৃত্যু
চাকরির সন্ধানে বরিশাল থেকে চট্টগ্রামে গিয়ে আর ঘরে ফেরা হলো না মেহেদী হাসানের (৩৫)। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার মাত্র একদিন পর চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বরিশালের বাসিন্দা মেহেদী গত সোমবার চাকরির উদ্দেশে চট্টগ্রামে যান। মঙ্গলবার একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন তিনি। কিন্তু নতুন কর্মজীবন শুরুর পরদিনই ঘটে মর্মান্তিক এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হন মেহেদী। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ঘটনাস্থল থেকে মেহেদীর মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া গেছে। তবে কীভাবে তিনি ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি বলেন, এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিক জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বরিশাল থেকে নতুন কর্মসংস্থানের আশায় চট্টগ্রামে যাওয়া মেহেদীর এমন আকস্মিক মৃত্যুতে তাঁর স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’


