দৌলতখান
ভোলায় মাদকসহ ইউনিয়ন ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। কমিটির আহ্বায়ক মো. শাকিল হাওলাদারসহ পাঁচ যুবককে মাদকসহ গ্রেপ্তারের পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত জানানো হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সনজিব মৃধা ও সদস্যসচিব মো. সোহান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ৩ নম্বর চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সনজিব মৃধা বলেন, কয়েক দিন ধরে বিলুপ্ত কমিটির আহ্বায়ক শাকিল হাওলাদারসহ কয়েকজনের বিরুদ্ধে সংগঠনবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছিল। তবে অভিযোগগুলোর কোনো প্রমাণ তারা পাননি। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সংগঠন কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তা সংগঠন ও দেশের জন্য বদনামের কারণ।
দলীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৪ জানুয়ারি মো. শাকিল হাওলাদারকে আহ্বায়ক এবং মো. আব্দুল হাইকে সদস্যসচিব করে ৩১ সদস্যের চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ ছিল ছয় মাস।
এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে দৌলতখান উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে শাকিল হাওলাদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন জাবের (২৪), জোনায়েদ (২৮), সাব্বির (১৯) ও রাসেল (২৫)।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফরুল ইসলাম বলেন, অভিযানে তাদের কাছ থেকে ১৩টি ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করে শুক্রবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।


