বরিশাল
বরিশালে বাণিজ্য মেলার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক : স্কুলের সামনে বাণিজ্য মেলার দর্শনার্থীদের জন্য স্থাপিত গণশৌচাগার থেকে দুর্গন্ধ ছড়িয়ে বিদ্যালয়ের পরিবেশ অসহনীয় হয়ে ওঠার অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা শৌচাগারটি ভেঙে দিয়েছে। এর আগের দিন এ নিয়ে মানববন্ধনও করে তারা।
ঘটনাটি নগরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায়। সম্প্রতি স্কুলের পাশে পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলা শুরু হয়েছে। মেলার জন্য স্কুলের শ্রেণিকক্ষঘেঁষে গণশৌচাগার নির্মাণ করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল বুধবার মানববন্ধন করে।
এ নিয়ে পত্র-পত্রিকায় ‘স্কুলের পাশে বাণিজ্য মেলার শৌচাগার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীদের মানববন্ধন’ শিরোনামে সংবাদ প্রকাশের পরদিনই ছাত্র-ছাত্রীরা শৌচাগারটি ভেঙে দেয়।
জানা গেছে, নগরের ১৬ নম্বর ওয়ার্ডে জিলা স্কুলের মালিকানাধীন পরেশ সাগর মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা চলছে। মাঠের পাশেই কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ। সেখান থেকে আনুমানিক ১০ গজ দূরে মেলার গণশৌচাগার করা হয়েছে। মেলার আয়োজক বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আশপাশের আরও ৪ থেকে ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরেশ সাগর মাঠ ব্যবহার করে। খেলার মাঠে মেলা আয়োজন সরকারিভাবে নিষিদ্ধ জানিয়ে মেলা বন্ধের দাবিতে হাইকোর্টে রিট করেছিলেন মানবাধিকারকর্মী রণি সিকদার। এর প্রেক্ষিতে উচ্চ আদালত মেলার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়।
ঈদুল আজহার দুই দিন আগে সরকারি ছুটির মধ্যে মেলার উদ্বোধন করা হয়। স্থানীয় এমপি মজিবর রহমান সরোয়ার ও বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অতিথি করা হলেও তারা কেউ উদ্বোধনী অনুষ্ঠানে যাননি।
ঈদুল আজহার ছুটির পর গত ৭ জুন থেকে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন ছুটির পর ক্লাসে ফিরে শিক্ষার্থীরা দুর্গন্ধের কবলে পড়ে। বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশও অসহনীয় হয়ে ওঠে। এর প্রতিবাদে বুধবার নগরের টাউন হলের সামনে মানববন্ধন করে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এতে কোন কাজ না হলে, আজ তারা স্কুলছুটির পর বাথরুমগুলোর টিনের বেড়া ভেঙে দেয়।
স্কুলের পাশে বাণিজ্য মেলার শৌচাগার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীদের মানববন্ধনস্কুলের পাশে বাণিজ্য মেলার শৌচাগার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীদের মানববন্ধন
বিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুন ইসলাম জানান, ঈদের পর স্কুলে ফিরে দুর্গন্ধে ক্লাস করা কষ্টকর হয়ে ওঠে। আগের দিন তারা মানববন্ধন করে মেলা কর্তৃপক্ষকে শৌচাগার সরিয়ে নিতে বলেছিল। কিন্তু মেলা কর্তৃপক্ষ শৌচাগার সরিয়ে না ফেলায় তারা ছুটির পর বাথরুমগুলোর টিনের বেড়া ভেঙে দিয়েছে।
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অলিউল ইসলাম জানান, গণশৌচাগার থেকে ছড়ানো দুর্গন্ধে অসহনীয় পরিবেশের বিষয়টি বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁন ও জেলা প্রশাসককে জানানো হয়েছে।
বরিশাল চেম্বার অব কমার্সের পরিচালক জিএম আতায়ে রাব্বী বলেন, বিষয়টি চেম্বারের সংশ্লিষ্টদের সঙ্গে তিনি আলোচনা করবেন।



