বরিশাল
শেবাচিম হাসপাতালের যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, বাড়ছে দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক : যাত্রীদের বসার জন্য নির্মিত যাত্রী ছাউনিতে বসেছে ফলের দোকান। বিক্রি হচ্ছে বিড়ি-সিগারেট। এক পাশে বসে জুতা সেলাই করছেন মুচি। ছাউনির বিভিন্ন অংশে টাঙানো হয়েছে একটি প্রসাধনী কোম্পানির বিজ্ঞাপন। ফলে যাত্রীদের সুবিধার জন্য নির্মিত ছাউনিটি এখন ব্যবসায়ীদের দখলে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সামনের যাত্রী ছাউনিতে দেখা গেছে এমন চিত্র। এতে হাসপাতালে আসা রোগী-স্বজন ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার জন্য নির্মিত ছাউনিটিই এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, রোগী, স্বজন ও সাধারণ যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আনুমানিক ২০১৪-১৫ অর্থবছরে ফুটপাতের ওপর যাত্রী ছাউনিটি নির্মাণ করে বরিশাল সিটি করপোরেশন (বসিক)। তবে দীর্ঘদিন ধরে ছাউনির ভেতরে বিভিন্ন ধরনের দোকান বসায় ব্যাহত হচ্ছে এর মূল উদ্দেশ্য।
স্থানীয়রা জানান, ফুটপাতের ওপর ছাউনি নির্মাণের কারণে পথচারীদের চলাচলে এমনিতেই সংকট তৈরি হয়েছে। এর মধ্যে ছাউনির ভেতরে দোকান বসিয়ে বিড়ি-সিগারেটসহ বিভিন্ন পণ্য বিক্রি করায় পরিবেশও নষ্ট হচ্ছে। তাঁদের দাবি,দ্রুত ছাউনিটি দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করা হোক।
এ বিষয় শেবাচিম কর্তৃপক্ষ জানিয়েছে, ছাউনিটি এখন হাসপাতালের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে নোংরা করার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি অপসারণের জন্য ইতোমধ্যে সিটি করপোরেশনকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, যাত্রী ছাউনিটি দখল হয়ে যাওয়ার বিষয়টি তাঁদের নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি অর্থে নির্মিত যাত্রী ছাউনিটি দীর্ঘদিন ধরে যাত্রীদের পরিবর্তে ব্যবসায়ীদের ব্যবহারে থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের দাবি, ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক করার পাশাপাশি রোগী-স্বজনদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।



