পাথরঘাটা
পাথরঘাটায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মালিকসহ দগ্ধ ৩
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্নার প্রস্তুতির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রলার মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল বাজারসংলগ্ন খালে নোঙর করা দুলাল মিয়ার মালিকানাধীন এফভি রাবেয়া ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন ট্রলার মালিক দুলাল মিয়া, আলম খান ও ট্রলারের মিস্ত্রি বাকি বিল্লাহ হাওলাদার। তাঁরা সবাই পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
স্থানীয় আবুল কালাম জানান, পাথরঘাটার বিষখালী ও বলেশ্বর বারানি খালের মাছেরখাল এলাকায় ট্রলারটি নোঙর করা ছিল। রান্নার প্রস্তুতির সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ট্রলারের ছাউনি উড়ে যায় এবং আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা কয়েকজন খালে ঝাঁপ দেন। এ সময় ইঞ্জিন রুমে অবস্থান করায় বাকি বিল্লাহ হাওলাদার বেশি দগ্ধ হন।
পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দগ্ধ দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। অন্যদিকে, বাকি বিল্লাহ হাওলাদারের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাঁকে ঢাকার বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাতেই ট্রলারটির সাগরে মাছ শিকারে যাওয়ার কথা ছিল। এর প্রস্তুতি হিসেবে রান্নার সময় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ট্রলারের ওপরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজনের অবস্থাও গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে।


