বরিশাল
বরিশালে ফেনসিডিলের মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে ফেনসিডিলের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বরিশালের অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মিল্টন হোসেন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরশিবা পণ্ডিতবাড়ির বাসিন্দা আজাহার আলী পণ্ডিতের ছেলে মো. শাহাদাৎ হোসেন পণ্ডিত (৪৭) এবং একই উপজেলার চরকপালবেড়া এলাকার আব্দুল বারেক হাওলাদারের ছেলে জলিল হাওলাদার (৪৬)।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ বলেন, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর তৎকালীন র্যাব-৮-এর একটি দল নগরের নতুনবাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। সেই সময় ২৫ বোতল ফেনসিডিলসহ শাহাদাৎ ও জলিলকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী নগরের উত্তর আলেকান্দা এলাকার ভাড়া বাসা থেকে আরও ১৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় তৎকালীন র্যাবের ডিএডি মশিউর রহমান বাদী হয়ে দুজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। পরে একই বছরের ৩ নভেম্বর কোতোয়ালি মডেল থানার তৎকালীন এসআই আব্দুর রহমান মুকুল দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।



