উজিরপুর
উজিরপুরে শেষ সম্বল অটোভ্যান চুরি, নিঃস্ব হতদরিদ্র ইদ্রিস মোল্লা
বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব বামরাইলে জীবিকা নির্বাহ করার একমাত্র মাধ্যম শেষ সম্বল অটোভ্যান গাড়ি চুরি হওয়ায় নিঃস্ব হয়ে পথে বসেছে হতদরিদ্র চালক ইদ্রিস মোল্লা।
সূত্রে জানা যায়- উজিরপুর উপজেলার পূর্ব বামরাইল গ্রামের মৃত আব্দুর রব মোল্লার ছেলে হতদরিদ্র মোঃ ইদ্রিস মোল্লা(৩৮) এর অটোভ্যান গাড়ি গত ২২ জুলাই দুপুরে চুরি হয়।
কান্না করে ভ্যানচালক হতদরিদ্র ইদ্রিস মোল্লা সাংবাদিকদের জানান, আমার কোন জমিজমা নেই, আমি সরকারি খালের পাশে খাস জমিতে ঝুপড়ি ঘর নির্মাণ করে একটু মাথা গোঁজার ঠাঁই করেছি এবং অটোভ্যান গাড়ি চালিয়ে স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলেকে নিয়ে সংসার পরিচালনা করি। এককথায় আমার আয়-উপার্জনের মাধ্যম শেষ সম্বল অটোভ্যান গাড়ি ছিলো, তাও চুরি হয়ে গেছে। তাই বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি। হতদরিদ্র পরিবার কি একটু সহানুভূতি পেতে পারে না প্রশ্ন জনমনে?
হতদরিদ্র ইদ্রিস মোল্লা সবকিছু হারিয়ে নিঃস্ব হওয়ায়, সরকারি সহায়তার দাবি জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সু-দৃষ্টি কামনা করেছেন।



