দশমিনা
দশমিনায় পুকুরে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু
পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে রিয়াজ মৃধা (৩৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়গোপালদী গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াজ ওই গ্রামের বারেক মৃধার ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ২টার দিকে নিজের ঘরের পূর্ব পাশে পুকুরঘাটে একা গোসল করতে যান রিয়াজ। দীর্ঘ সময় ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুরঘাটে তার জুতা ও লাঠি পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে পরিবার ও স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজি চালিয়ে একপর্যায়ে তার ডুবন্ত মরদেহ উদ্ধার করেন।
ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দশমিনা থানার ওসি আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, ‘বিষয়টি জেনেছি। এখানে কারও কোনো অভিযোগ নেই। মানবিক দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে।’


