বরিশাল
পুলিশ লাইন্সের সামনে নিষিদ্ধ সংগঠনের মিছিল, চাপে কোতয়ালি পুলিশ
বরিশাল নগরীতে জেলা পুলিশ লাইন্সের সামনেই ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পুলিশ লাইন্সের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে প্রকাশ্যে এমন মিছিলের ঘটনায় চাপে পড়েছে কোতয়ালি মডেল থানা পুলিশ। মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর অংশগ্রহণকারীদের শনাক্তে তৎপরতার কথা জানিয়েছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর ‘হট প্লেট’ রেস্তোরাঁর সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পুলিশ লাইন্সের গেটের কাছাকাছি গিয়ে শেষ হয়।
মিছিলে অর্ধশতাধিক ব্যক্তি অংশ নেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল বের করা হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারী এক যুবলীগ কর্মী।
মিছিলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুর রাজ্জাককে ব্যানারের সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে। বিকেলে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এদিকে, পুলিশ লাইন্সের সামনের সড়কে এমন মিছিল কীভাবে অনুষ্ঠিত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে মিছিলের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হঠাৎ করে একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। পুলিশ মাঠে রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে।


