গৌরনদী
বরিশালে টিকটক নিয়ে মায়ের শাসন, প্রাণ গেল মাদরাসাছাত্রীর
বরিশালের গৌরনদী উপজেলায় টিকটক করা নিয়ে মায়ের শাসনের পর অভিমান করে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের মেয়ে। সে সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, পড়ালেখার পরিবর্তে টিকটক নিয়ে ব্যস্ত থাকায় শনিবার বিকেলে জান্নাতকে শাসন করেন তার মা। এরপর পরিবারের সদস্যদের অগোচরে সে আত্মহত্যা করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই মো. আলাউদ্দিন আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’


