বরিশাল
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে পাঁচ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি বাল্কহেড ও একটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় আটক চার ব্যক্তিকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত দেড়টার দিকে কীর্তনখোলা নদীর দপদপিয়া সেতুর নিচে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানার নেতৃত্বে বাংলাদেশ কোস্টগার্ডের বরিশাল দক্ষিণ জোনের সদস্যরা এ অভিযানে অংশগ্রহন করেন।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কীর্তনখোলা নদীর দপদপিয়া সেতুর নিচে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা কোস্টগার্ড সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় চাঁদমারী এলাকার বাসিন্দা আল আমিনের মালিকানাধীন দুটি বাল্কহেড ও একটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় কোস্টগার্ড সদস্যদের তৎপরতায় রিফাজ জাহান ইকরা-১ নামের একটি ড্রেজার এবং বালুবোঝাই দু’টি বাল্কহেড এম-১ ও এমবি জোবেদা জব্দ করা হয়। এর মধ্যে এম-১ বাল্কহেডে প্রায় সাড়ে সাত হাজার ঘনফুট বালু ছিল।
এ ঘটনায় বাল্কহেড চালক বাচ্চু এবং তিন শ্রমিক আব্দুল জলিল, মো. লিটন ও হুমায়ুনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট পাঁচলাখ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



