পটুয়াখালী
পটুয়াখালীতে ৮ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি একমাত্র ছাত্রকে
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। তবে তিনিও উত্তীর্ণ হতে পারেননি। মানবিক বিভাগের ওই শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
কলেজটিতে আটজন শিক্ষক কর্মরত থাকলেও একজন শিক্ষার্থীরও পাস করতে না পারার ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদানের মান ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।
কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, ২০০২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তবে প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো এমপিওভুক্ত হয়নি প্রতিষ্ঠানটি। বর্তমানে আটজন শিক্ষক থাকলেও নেই নিজস্ব কোনো পাকা একাডেমিক ভবন। টিনশেড ঘরেই চলছে পাঠদান।
অধ্যক্ষের দাবি, এমপিওভুক্ত না হওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ভালো মানের শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। এরই ধারাবাহিকতায় চলতি বছর মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। রাজু আহমেদ নামের ওই শিক্ষার্থীও একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
কলেজটি প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীসংকট কাটেনি। আটজন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও একমাত্র পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মান ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


