কলাপাড়া
কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
পটুয়াখালীর কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর, গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত মোঃ সোহাগ শিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। মঙ্গলবার রাতে বরিশালের বাকেরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর তানিয়া বেগম ও তাঁর স্বামীর ওপর লোহার রড ও কাঠের লাঠি নিয়ে অতর্কিত হামলা চালান অভিযুক্তরা। এ সময় তাঁদের মারধর করে আহত করার পাশাপাশি তানিয়া বেগমের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে তাঁদের দীর্ঘ সময় আটকে রাখারও অভিযোগ রয়েছে।
হামলায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তানিয়া বেগমকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাঁর সাত মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নবজাতকের মৃত্যু হয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় তানিয়া বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত সোহাগ শিকদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।


