আন্তর্জাতিক
মাইকে আজান দেওয়ায় মুয়াজ্জিন কারাগারে
ভারতের উত্তর প্রদেশে মাইকে আজান দেওয়ার অভিযোগে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় ধর্মীয় স্বাধীনতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণের প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একই ঘটনায় মসজিদের মাইক জব্দ এবং দায়িত্বে অবহেলার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত শনিবার উত্তর প্রদেশের বিজনোর জেলার নাজিবাবাদে এ ঘটনা ঘটে। জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই একটি গণশুনানিতে যাওয়ার পথে মহল্লা মাকবারা এলাকায় একটি মসজিদ থেকে আজানের আওয়াজ শুনতে পান। এরপরই পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পুলিশের নির্দেশে মসজিদটির মাইক জব্দ করা হয় এবং মুয়াজ্জিন মোহাম্মদ ফাইজানকে আটক করা হয়। পরে শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। শান্তি ভঙ্গের অভিযোগে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ঘটনার এখানেই শেষ নয়। এলাকায় শব্দসীমা-সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর করতে ব্যর্থ হওয়ার অভিযোগে বিট কনস্টেবল ললিত কুমারকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ প্রশাসন। পাশাপাশি জেলার প্রতিটি থানাকে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়ের মাইক অনুমোদিত শব্দসীমার মধ্যে চলছে কি না, তা যাচাই করে প্রত্যয়নপত্র বা হলফনামা জমা দিতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানার ওসি ও বিট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।
তবে এ ঘটনায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে—শব্দদূষণ নিয়ন্ত্রণের আইন প্রয়োগ করতে গিয়ে ধর্মীয় উপাসনার প্রচলিত রীতির ক্ষেত্রে ব্যবস্থা কতটা সামঞ্জস্যপূর্ণ ও আনুপাতিক হচ্ছে? শব্দসীমা লঙ্ঘনের অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে যাচাই এবং আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।


