উজিরপুর
উজিরপুরে স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে অভিভাবক সদস্যের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত
বরিশালের উজিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে অভিভাবক সদস্যের হাতে প্রধান শিক্ষক ফারুক হোসেন লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৪ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার ওটার ইউনিয়নের কেশবকাঠি গ্রামের ৩২ নং বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেনের সঙ্গে কেশবকাঠি গ্রামের মনাথ মৃধার ছেলে তুহিন মৃধার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত তুহিন ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক ফারুক হোসেনকে লাঞ্ছিত করে। পরে সহকারী শিক্ষকরা তাকে উদ্ধার করে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
৩২ নং বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, তুহিন মৃধা বিদ্যালয়ে এসে বলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমাকে বানাতে হবে। এর উত্তরে প্রধান শিক্ষক বলে কমিটির বিষয়ে সকলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তখন তুহিন
আমাকে কিল ঘুষি মারে। সহকারী শিক্ষকদের সামনেই ঘটনাটি ঘটে।
অভিযুক্ত তুহিন মৃধার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনাটি আমি শুনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিতে বলা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



