জাতীয়
ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, মিলেছে আরও এক শিশুর লাশ
রিপোর্ট দেশ জনপদ।। রাজধানীর শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড ২৬ ঘণ্টা পর উদ্ধার হয়েছে । সেই সাথে উদ্ধার করা হয়েছে আরও এক শিশুর লাশ। এ নিয়ে মোট লাশের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ফের উদ্ধার কাজ শুরু হয়। অভিযানের একপর্যায়ে দুপুর পৌনে ১টার দিকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টার দিকে উদ্ধার করা হয় ডুবে যাওয়া লঞ্চটি। এয়ার লিফ্টিং ব্যাগ দিয় লঞ্চটিকে ভাসিয়ে তীরে আনা হয়। প্রসঙ্গত, গতকাল সোমবার সকালে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা ছোট্ট দোতলা লঞ্চ মর্নিং বার্ডকে ধাক্কা দেয় ময়ূর-২ নামে আরেকটি লঞ্চ। এতে মর্নিং বার্ড ডুবে যায়। ওইদিন নারী, শিশুসহ ওই লঞ্চের ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছিলো।



