বরিশাল
সিডরের ১৯ বছর: বরিশাল উপকূলে আজও ক্ষত বয়ে বেড়ায় হাজারও পরিবার
২০০৭ সালের ১৫ নভেম্বর। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। প্রবল বাতাস, ভারী বৃষ্টি আর ভয়াবহ জলোচ্ছ্বাসে মুহূর্তেই বদলে যায় বরিশাল বিভাগের উপকূলীয় জনপদের চিত্র। রাতের অন্ধকারে নদী-খাল উপচে লোকালয়ে ঢুকে পড়ে পানি। ভেঙে যায় বেড়িবাঁধ, মাটিতে মিশে যায় অসংখ্য ঘরবাড়ি। উপড়ে পড়ে গাছপালা, বিধ্বস্ত হয় রাস্তাঘাট ও বিদ্যুৎ-যোগাযোগব্যবস্থা। পরদিন সকালে উপকূলের বহু এলাকায় দেখা যায় ধ্বংসস্তূপ, আর্তনাদ আর স্বজন হারানোর শোক। আজ (১৫ নভেম্বর) সেই ভয়াল সিডরের ১৯ বছর। সময়ের ব্যবধানে অনেক কিছু বদলেছে। কোথাও নতুন ঘর উঠেছে, কোথাও নির্মিত হয়েছে আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধ। কিন্তু বরিশাল বিভাগের বহু পরিবারের কাছে ১৫ নভেম্বর এখনো স্বজন হারানোর দিন, বেঁচে থাকার সংগ্রামের দিন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে, সিডরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে ছিল বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর। বরিশাল, ভোলা ও ঝালকাঠিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ২২০ থেকে ২৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল। কোনো কোনো এলাকায় জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল ১৫ থেকে ২০ ফুট। ফলে উপকূলের নিচু এলাকা প্লাবিত হয়ে পড়ে।
আশ্চর্যের বিষয় হচ্ছে বরগুনায় সিডরের আঘাত ছিল ভয়াবহ। জেলাটিতে সিডরে প্রাণ হারান ১ হাজার ৩৪৫ জন। নিখোঁজ হন ১৫৬ জন। ক্ষতিগ্রস্ত হয় ২ লাখ ১৩ হাজার ৪৬১টি পরিবার। সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়ে ৭৭ হাজার ৭৫৪টি পরিবার। মারা যায় বিপুলসংখ্যক গবাদিপশু ও হাঁস-মুরগি। জেলার নলটোনা, পাথরঘাটা ও উপকূলীয় অন্যান্য এলাকায় সিডরের ক্ষত ছিল সবচেয়ে বেশি দৃশ্যমান। পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা, রাঙ্গাবালী, দশমিনা ও বাউফলের বিভিন্ন এলাকায় ঝড় ও জলোচ্ছ্বাসে বসতঘর, মাছের ঘের, ফসলি জমি এবং গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়। নদী ও সাগরসংলগ্ন এলাকার অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নেন অন্যের বাড়ি কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। জেলেদের নৌকা ও মাছ ধরার সরঞ্জাম নষ্ট হওয়ায় জীবিকার সংকট দেখা দেয়। পিরোজপুরের মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদসহ বিভিন্ন এলাকায় গাছপালা ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঝালকাঠি ও ভোলার চরাঞ্চল এবং নদীতীরবর্তী জনপদেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বরিশাল জেলায়ও হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একটি জেলা-ভিত্তিক ক্ষয়ক্ষতি মূল্যায়নে বরিশালে ৪১ হাজার ৪৭০টি ঘর সম্পূর্ণ এবং ৯২ হাজার ২৪২টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়।
সিডরের আঘাতে শুধু ঘরবাড়ি নয়, বিপর্যস্ত হয়েছিল পুরো জনজীবন। বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন ভেঙে পড়ায় দিনের পর দিন বিদ্যুৎহীন থাকতে হয় বহু এলাকাকে। বরিশালসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় পল্লী বিদ্যুতের প্রায় ২৫ হাজার কিলোমিটার লাইনের মধ্যে প্রায় ২০ হাজার কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যোগাযোগব্যবস্থা। পানির উৎসে লবণাক্ত পানি ও ময়লা মিশে দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট। কৃষকের উঠতি আমন ফসল, গাছপালা ও মাছের ঘের নষ্ট হওয়ায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বহু মানুষ।
বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যৌথ মূল্যায়নে সিডরে বাংলাদেশের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১৭০ কোটি মার্কিন ডলার বলে উল্লেখ করা হয়েছে। ওই মূল্যায়নে প্রায় ৩ হাজার ৪৪৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়; আহত হন ৫৫ হাজারের বেশি মানুষ। তবে বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রতিবেদনে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে কিছু পার্থক্য রয়েছে।
সিডরের পর উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বেড়েছে আশ্রয়কেন্দ্র, উন্নত হয়েছে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা এবং দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবীদের কার্যক্রম। তবু জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, দুর্বল বেড়িবাঁধ ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি উপকূলবাসীর উদ্বেগ বাড়িয়ে রেখেছে।
সিডরের ১৯ বছর পরও বরিশাল বিভাগের মানুষের কাছে ১৫ নভেম্বর কেবল একটি তারিখ নয়; এটি হারানো স্বজন, ধ্বংস হয়ে যাওয়া বসতভিটা এবং নতুন করে বেঁচে থাকার লড়াইয়ের স্মারক। ভয়াল সেই রাত মনে করিয়ে দেয়, উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই বেড়িবাঁধ, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, দ্রুত উদ্ধারব্যবস্থা এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার বিকল্প নেই বলে মনে করছেন উপকূলবাসী।’


