বরিশাল
বরিশালে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জে আবদুল্লাহ (১৩) নামে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ শ্যামপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার বাসিন্দা সুজন হাওলাদারের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, রোববার সন্ধ্যায় সুজন হাওলাদার বাড়ি থেকে পাশের বাজারে যাওয়ার সময় ছেলে আবদুল্লাহর হাতে ২০ টাকা দিয়ে যান। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ফোন করে জানান, আবদুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, আবদুল্লাহ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি এখনো পুলিশ বা অন্য কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। মাত্র ১৩ বছর বয়সী এক শিশুর এমন মৃত্যু ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



