বরিশাল
বরিশালে ৪টি খাসি চুরি করে চামড়া ও নাড়িভুঁড়ি ফেলে মাংস নিয়ে গেল চোরচক্র
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাদলা গ্রামে এক চাঞ্চল্যকর ছাগল চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র রাতের আঁধারে ঘরের বেড়া কেটে উন্নত জাতের ৪টি খাসি ছাগল নিয়ে জবাই করে চামড়া ছিলে শুধু মাংস নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট দিবাগত রাতে বাদলা গ্রামের মৃত আফছার আলী সরদারের ছেলে ওমর আলী সরদারের ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধ চোরচক্র। এরপর তারা গোয়াল ঘর থেকে ৪টি মূল্যবান খাসি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ছাগলগুলোর চামড়া ও নাড়িভুঁড়ি ফেলে রেখে শুধু মাংস নিয়ে চম্পট দেয় তারা।
ঘটনার পর সন্দেহভাজন হিসেবে স্থানীয়রা একই গ্রামের মৃত সেরাজ গাইনের ছেলে খোকনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। খোকনের দেয়া তথ্যমতে জানা যায়, ঘটনার রাতে একই গ্রামের ওসমান মোল্লার ছেলে মুজাম্মেল মোল্লা স্থানীয় নৈশপ্রহরী জাহাঙ্গীরের কাছ থেকে একটি দা চেয়ে নেন। পরবর্তীতে মুজাম্মেল মোল্লার নেতৃত্বে আলাউদ্দিন তালুকদার, রিপন, রিদয়সহ আরও ২-৩ জন সহযোগী মিলে এই চুরি সংগঠিত করে।
খোকন আরও জানান, চুরি করা ছাগলগুলো তার থ্রি-হুইলার (মাহেন্দ্র) যোগে কাশিপুরের একটি মাংসের দোকানে নিয়ে বিক্রি করা হয়। স্থানীয়দের দাবি, কিছুদিন আগে একই বাড়ির মৃত রেজাউল হক সরদারের একটি গরুও এই চক্রটি চুরি করে কাশিপুর এলাকায় বিক্রি করেছিল।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শ্রমিকলীগ নেতা মুজাম্মেল মোল্লা দীর্ঘদিন ধরে এলাকাটিতে জুয়া ও মাদকের সিন্ডিকেটের সাথে জড়িত থাকলেও অজানা কারণে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। অন্যদিকে মামলা করায় বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও হুমকির মুখে দিন কাটাচ্ছেন অভিযোগকারী ওমর আলী সরদার।
পুরো ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই গরু ও ছাগল চোরচক্রের মূল হোতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
তবে বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই ও অভিযুক্তদের আটকে তাদের অভিযান অব্যাহত রয়েছে।



