শিক্ষা
একের পর এক প্রশ্নপত্রে গরমিল-অসঙ্গতি, এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে
এইচএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র চালুর পর একের পর এক বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। পদার্থবিজ্ঞান ও রসায়নের পর এবার জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের ইংরেজি ভার্সনের নৈর্ব্যক্তিক অংশের তিনটি প্রশ্নে ভুল থাকার অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা।
বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনা শুরু করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রশ্নে কোনো ভুল প্রমাণিত হলে পরীক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের কর্মকর্তারা।
বুধবার (২৯ জুলাই) ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীরা অভিযোগ করেন, নৈর্ব্যক্তিক অংশের তিনটি প্রশ্নে বাংলা ও ইংরেজি ভার্সনের মধ্যে অসামঞ্জস্য ছিল। এতে তারা পরীক্ষার হলে বিভ্রান্তির মুখে পড়েন।
পরীক্ষার্থী মৃদুল রহমান জানান, ইংরেজি সংস্করণের ‘গ’ সেটের ১৫, ১৮ ও ২৫ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্নে ভুল ছিল। এসব প্রশ্নের কারণে অনেক পরীক্ষার্থী কাঙ্ক্ষিত ফল থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বলেন, অভিযোগ যাচাইয়ে ছয়জন বিশেষজ্ঞ কাজ করছেন। ইংরেজি সংস্করণের প্রশ্নে ভুল পাওয়া গেলে তারা (বুধবার) রাতের মধ্যেই প্রতিবেদন দেবেন।
তিনি বলেন, বিশেষজ্ঞদের প্রতিবেদনে প্রশ্নে ভুলের বিষয়টি নিশ্চিত হলে ইংরেজি সংস্করণের পরীক্ষার্থীদের ওই তিনটি নৈর্ব্যক্তিক প্রশ্নের নম্বর দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ১৯ জুলাই অনুষ্ঠিত রসায়ন প্রথম পত্রের ইংরেজি সংস্করণের সৃজনশীল অংশের চার নম্বর প্রশ্নেও অসঙ্গতির অভিযোগ ওঠে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথমপত্রের দুটি প্রশ্নে ভুল থাকায় ওই দুই প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।



