বরিশাল
বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ায় চাঁদাবাজির মামলা করায় ক্ষিপ্ত হয়ে ও জামিনে মুক্তি পেয়ে একই পরিবারের তিনজনকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ইলুহার গ্রামের শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় আহতদের উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন মোক্তার শিকদার,তার ছেলে মুজাহিদুল হক (মুরাদ শিকদার) ও মুরাদের ছেলে মাহমুদুল হাসান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোক্তার শিকদার বলেন, চাঁদাবাজির মামলা করায় ক্ষিপ্ত হয়ে আমাদের পরিবারের ৩ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ। এমনকি নদীতে ফেলে চুবিয়ে আমাদেরকে হত্যার চেষ্টা করেছে এসব সন্ত্রাসীরা। হামলায় অংশ নেয় একই এলাকার হোসনেয়ারা,তানিয়া, সালমা,ইমরান,এনামুল, আজিজার,মাইনুলসহ ৫/৬ জন।
হামলায় আহত মুরাদ বলেন, আজকে সকালে লোকজন শাবল, বাংলা দা ও হাতুড়ি দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় এসব সন্ত্রাসীরা। তবে হামলায় আহত হয়ে আমি ও আমার ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আমার বাবার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা বাদী হয়ে এর আগে বানারীপাড়া থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছিলাম। যার মামলা নং জিআর ৬৮/২৬। এই মামলায় জামিন পাওয়ার পর প্রতিপক্ষরা আমাদের ওপর হামলা চালিয়েছে।
তবে হামলার ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বানারীপাড়া থানার ওসি বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।



