বরিশাল
স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড
আদালতের বারান্দায় স্বামীকে গালিগালাজ ও কিল-ঘুষির অভিযোগে ফাতিমা মনীষা নামের এক নারীকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ রোববার বিচারক এস এম শরিয়ত উল্লাহ তাৎক্ষণিক এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, যৌতুকসংক্রান্ত একটি মামলায় আজ বরিশালের আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় মামলার বাদী স্বামী মো. সাজ্জাদ হোসেনকে কিল-ঘুষি দেন স্ত্রী ফাতিমা। এ সময় সাজ্জাদের মাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। ঘটনার পরপরই ভুক্তভোগী সাজ্জাদ হোসেন দণ্ডবিধি ২০২৩ ও ৫০৬(২) ধারায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ সামারি ট্রায়াল পরিচালনা করে আসামি ফাতিমা মনীষাকে পাঁচ দিনের কারাদণ্ড দেন।



