ঝালকাঠি
ঝালকাঠিতে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান অব্যাহত
ঝালকাঠির ভিমরুলী খালে গোসল করতে নেমে আমগাছ থেকে পানিতে ঝাঁপ দিয়ে মো. সানি (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সদর উপজেলার ভিমরুলী বাজারের উত্তর পাশের খালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল প্রায় ১১টার দিকে রাজাপুর উপজেলার ১৫ সদস্যের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে। বিভিন্ন স্থান ঘুরে দেখার পর দুপুরে খাবার শেষে তারা ভিমরুলী বাজারসংলগ্ন খালে গোসল করতে নামে।
গোসলের একপর্যায়ে সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে পানিতে ঝাঁপ দেয়। তবে ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি। সঙ্গে থাকা স্বজন ও সহযাত্রীরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ডুবুরি দলসহ উদ্ধারকারী সদস্যরা খালে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহাবুব আলম জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিশোরটির সন্ধান মেলেনি।



