বরিশাল
গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: বরিশালে জামায়াত আমির
‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে’- বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, যে গণভোটে ৭০ ভাগ জনগণ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার গঠন করার দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও গ্রহণযোগ্য হবে না। গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। জনগণ গণভোটের রায় মানতে বাধ্য করবে।
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন দাবিতে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপির উদ্দেশে জামায়াতের আমির বলেন, ১৯৯১ সালের পর ক্ষমতায় এসে আপনারা বুঝতে পারেননি কেয়ারটেকার সরকার কী। শেষ পর্যন্ত বুঝেছেন। আমরা বলবো, জাতির ক্ষতি করে নয়, এখনই বিষয়টি বুঝুন।
তিনি বলেন, আমরা রাজপথে থাকতে চাই না। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশ নিতে চাই। কিন্তু যেভাবে আমাদের রাজপথের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, রাজপথ উত্তপ্ত হলে তার পরিণতি ভালো হবে না।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।’


