বরিশাল
ববিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যোগদানপত্র গ্রহণ করল শিক্ষা মন্ত্রণালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের যোগদানপত্র গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১ জুলাই) সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত সাতটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মেহেরপুর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যরা দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর যোগদানপত্র দাখিল করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সেগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।
এর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন ৭ জুন যোগদানপত্র দাখিল করেন। এছাড়া ১৪ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.কে.এম মতিনুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এম শরীফুল ইসলাম করীম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ যোগদানপত্র জমা দেন।
অন্যদিকে, ১ এপ্রিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মো. নূরুল ইসলাম, ১৭ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম এবং ১৬ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর তাদের যোগদানপত্র দাখিল করেন।
মন্ত্রণালয় জানিয়েছে, সাতজনেরই যোগদানপত্র যথাযথভাবে গ্রহণ করা হয়েছে।


