বরিশাল
চরমোনাইতে মাদক কারবারে বাধা দেওয়ায় বসতঘরে আগুন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরমোনাইতে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরবাড়ির বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার দিবাগত গভীর রাতে চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজধর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ খলিলুর রহমানের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার ও মাদকসেবীদের কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন। তার ধারণা, এ কারণেই ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার বসতঘরে আগুন লাগিয়ে থাকতে পারে।অগ্নিকাণ্ডে ঘরের বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায় বলে জানান তিনি। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
চার বাড়ি ইউনিয়নের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান পান্নু বলেন, বর্তমানে বুখাইনগরের এমন ভাবে মাদক জড়িয়ে গেছে সাধারণ কোন মানুষ নিরাপদ নয়। এদের কাজে খলিলুর রহমানের প্রতিবাদ করায় তার বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটায়।
স্থানীয় আবুল হাওলাদার বলেন, মাদকের বিষয় যে করবে প্রতিবাদ তার বাসায় হানা দেওয়া হয়। আগে আমরা এলাকাবাসী বাসার দরজা খোলা রেখে ঘুমাইতাম। এখন দরজা বন্ধ করে ঘুমাইতে পারি না ভয় ভিত্তিতে থাকতে হয়।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন-উল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



