পিরোজপুর
পিরোজপুর পৌরশ্মশানের কালীমন্দিরে অগ্নিসংযোগ ও ভাংচুর
পিরোজপুর পৌর এলাকার পৌরশ্মশানের কালীমন্দিরে দুর্বৃত্তদের আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এ সময় ভাঙচুরসহ মন্দিরে থাকা প্রণামী বাক্স ও মৃতদেহ সৎকার করার সামগ্রী নিয়ে যায় তারা।
সোমবার (১ জুন) ভোররাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ শরীফুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয়রা শ্মশান কালীমন্দিরে গিয়ে দেখতে পায় মন্দিরের ভেতরে প্রতিমার কিছু অংশ ভাঙা ও একটি প্রতিমাতে আগুন দেয়া হয়েছে। এছাড়া, মন্দিরের গেট ভেঙে ভেতরে থাকা প্রণামী বাক্স ও মৃতদেহ সৎকার করার সামগ্রী চুরি করে নিয়ে যায় তারা। পরে পুলিশে খবর দিলে পুলিশ সুপারসহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করে।
পৌর শ্মশান কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন শ্মশান প্রাঙ্গণের কালীমন্দিরের সঙ্গে থাকা শিবঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। এছাড়া ভাঙা প্রতিমা বাইরে নিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শ্মশানের প্রধান ফটকও ভাঙচুর করা হয়েছে। সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ শরীফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি হচ্ছে মন্দিরে থাকা টাকা ও মালামাল চুরির জন্য দুর্বৃত্তরা এসেছে । এছাড়া অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।’
খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন এবং পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।



