বরিশাল
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, সরকার নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী লঞ্চে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে। কোনো লঞ্চ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বুধবার (২৭ মে) বিকেলে বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যারা ঈদে বাড়ি গেছেন, তাদের যেন নিরাপদে কর্মস্থলে ফিরিয়ে আনা যায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার। মানুষের প্রত্যাশা পূরণে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছেন।
তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে যাত্রী ও পণ্য পরিবহন সেবা যেন অভিযোগমুক্ত, যাত্রীবান্ধব হয়-সে জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। যাত্রীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে নৌপথে সরকারি নিবন্ধনভুক্ত প্রায় ২৩ হাজার নৌযান রয়েছে। তবে বাস্তবে প্রায় আড়াই থেকে ৩ লাখ নৌযান চলাচল করছে বলে ধারণা করা হয়। তাই সবাইকে সরকারি নীতিমালার আওতায় এনে নিবন্ধনের মাধ্যমে নৌযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যারা নৌযান পরিচালনা করবেন তাদের অবশ্যই সরকারি বিধিমালা মেনে চলতে হবে।
এ সময় বরিশাল নৌবন্দরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



