বরিশাল
বরিশালে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। সোমবার (১৮ মে) বাকেরগঞ্জ পৌরসভা ২ নং ওয়ার্ডে এম রহমান সড়কে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় সৈয়দ জাহিদুল ইসলাম সুজনকে (২৮) প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সুজন জানান, ২০২৪ সালে মোফাজ্জেল গাজী তার ছেলে তামিম গাজীকে ৬ শতক জমির পাওয়ার দেয়। ওই জমি তামিম গাজীর কাজ থেকে ক্রয় করে আমার ভাই সৈয়দ মোঃ হায়দার আলী। সোমবার বিক্রিত জমিতে পূনরায় ঘর তুলতে আসে স্থানীয় সন্ত্রাসী আল-আমিন মিরাজ, মোফাজ্জেল গাজী, নাসির হাওলাদার, হাফিজুল, সিফাত, ফয়সালসহ ১৫-২০ জন মিলে। এ সময় আমি বাঁধা দিলে তারা ঘর না তোলার শর্তে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পার্শ্ববর্তী আবদুল বারেকের ঘরে আশ্রয় নেয়।
পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
এ ঘটনায় সুস্থ হয়ে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে সুজনের পরিবার।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



