পিরোজপুর
পিরোজপুরে দীর্ঘদিনের বকেয়া ৪০ লাখ টাকা আদায়ে ব্যবসায়ীর মাইকিং
পিরোজপুরের পাড়েরহাট এলাকায় দীর্ঘদিনের বকেয়া টাকা আদায় করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বাদশা। পাওনা প্রায় ৪০ থেকে ৪২ লাখ টাকা আদায়ে তিনি এলাকায় মাইকিং শুরু করেছেন।
জানা গেছে, দক্ষিণ শংকরপাশা গাজী বাড়ির বাসিন্দা এবং সাদেক আলী হাওলাদারের ছেলে মো. সাইফুল ইসলাম বাদশা “মেসার্স আদিল আহনাফ এন্টারপ্রাইজ” ও “মেসার্স হাওলাদার ব্যাটারী” নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। ২০১৯ সাল থেকে তিনি মুদি মালামাল, ইজিবাইক, ব্যাটারি ও বিভিন্ন খুচরা যন্ত্রাংশের ব্যবসা করে আসছেন।
ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, দীর্ঘ সাত বছরে বাকিতে পণ্য বিক্রির কারণে বিপুল পরিমাণ অর্থ আটকে গেছে। বর্তমানে তার প্রায় ৪০ থেকে ৪২ লাখ টাকা বকেয়া রয়েছে। এতে ব্যবসা পরিচালনায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।
বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে সম্প্রতি তার দোকানে হালখাতার আয়োজন করা হয়। তবে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে তিনি মাইক ভাড়া করে পাওনাদারদের উদ্দেশ্যে বকেয়া টাকা পরিশোধের আহ্বান জানাচ্ছেন।
তিনি বলেন, দ্রুত বকেয়া টাকা আদায় না হলে বাড়ি বাড়ি গিয়ে মাইকিং করার পরিকল্পনাও রয়েছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অতিরিক্ত বাকিতে পণ্য বিক্রির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।



