বরিশাল
সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচ সদস্যকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বরিশাল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ ভ্রমণ। কুয়াকাটা সমুদ্র সৈকতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ১০ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত দুইদিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারের সাধারণ সভা এবং আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে নুতনত্ব ছিল সাংবাদিকতায় পঞ্চাশ বছরপূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচজন জ্যেষ্ঠ সাংবাদিককে সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রথম বারের মতো এমন আয়োজন এবং শেষ বয়সে এমন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সংবর্ধিত জ্যেষ্ঠ সাংবাদিকরা।
এর আগে শুক্রবার বিকেল ৪টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে হোটেল রয়েল হেরিটেজে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা ২০২৫। ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
এরপর উম্মুক্ত আলোচনা শেষে বরিশালে সাংবাদিকতায় ৫০ বছর পার করা বরিশাল প্রেসক্লাবের পাঁচজন জ্যেষ্ঠ সাংবাদিককে সম্মাননা পদক প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে। যাঁরা পদক পেয়েছেন তাঁরা হলেন- জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অরূপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, তপংকর চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট তপন চক্রবর্তী।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাবেক সভাপতি ও আনন্দ ভ্রমণ বাস্তবায়ন উপ-পরিষদের আহŸায়ক কাজী আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, নির্বাহী সদস্য কমলসেন গুপ্ত, সিনিয়র সদস্য আখতার ফারুক শাহীন ও ক্রীড়া সম্পাদক খান রুবেল।
জীবনের শেষ বয়সে এসে সাংবাদিকতার স্বীকৃতি এবং সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মহান এই পেশায় ৫০ বছর উৎসর্গ করা সিনিয়র সাংবাদিকরা। তারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকদের প্রতি। ভবিষ্যতেও জ্যেষ্ঠ সাংবাদিকদের এমন সম্মাননা প্রদানের আয়োজন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক।
এদিকে সাধারণ সভা শেষে রাতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র’ এবং হাউজি খেলা। প্রেসক্লাব সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে ওঠে আরও প্রানবন্ত। এছাড়াও হাসি-ঠাট্টা এবং গল্প আড্ডায় মেতে ওঠেন সাংবাদিকরা।



