সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
নিজেস্ব প্রতিবেদক|২১:০৩, নভেম্বর ১৮ ২০২৬ মিনিট
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তাঁর গ্রামের বাড়ি এবং উপজেলা সদরে অবস্থিত আরেকটি বাড়িতে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তাঁর অন্য বাড়িতেও হামলা চালানো হয়। সেখানে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়।
ব্যারিস্টার শ ম রেজাউল করিম সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।