বরিশালে যাত্রীবাহী বাসে আগুন, আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ
নিজেস্ব প্রতিবেদক|২১:০১, নভেম্বর ১৮ ২০২৬ মিনিট
বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় টার্মিনালের পেছনের দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী এসএম পরিবহনের বাসটি পুড়ে গেছে।
বাস শ্রমিকদের দাবি, টার্মিনালের পেছনের দিকে বাসটি রাখা ছিল। এ সময় আওয়ামী লীগের লোকজন বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসটি পুড়ে যায়।
তবে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন। তাঁর দাবি, কয়েকজন ইয়াবাসেবী বাসের ভেতরে বসে মাদক সেবন করতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটান। এ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়।
এদিকে, বাসে আগুনের ঘটনায় প্রকৃত কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। শ্রমিকদের অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বরিশাল মহানগর পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার পর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।