সারা দেশে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় অগ্নিসংযোগ, আতঙ্ক
নিজেস্ব প্রতিবেদক|২০:৫৯, নভেম্বর ১৮ ২০২৬ মিনিট
দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। গত ১০ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশের ১৬টি জেলায় অন্তত ২২টি শাখায় অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে বলে জানা গেছে।
গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত তথ্যের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব ঘটনায় কয়েকটি শাখা কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী শাখার প্রায় পুরো কার্যালয় পুড়ে গেছে। উলপুর শাখাতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এদিকে ১৮ নভেম্বর টাঙ্গাইলেও গ্রামীণ ব্যাংকের আরও দুটি শাখায় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ফলে দেশজুড়ে আক্রান্ত শাখার সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
একের পর এক শাখায় অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
তবে সর্বশেষ ঘটনাগুলোসহ সারা দেশে কতটি শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটিতে আগুনে সম্পদের ক্ষতি হয়েছে এবং কতটি শাখার কার্যক্রম বন্ধ রয়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।