বরিশালে দিনের বেলায় ব্যাটারি খোঁজার ছলে দোকানে, রাতে ৬১ লাখ টাকার মালামাল চুরি

নিজেস্ব প্রতিবেদক | ২১:১৫, নভেম্বর ১৭ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ক্রেতা সেজে দিনের বেলায় দোকানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চুরির পরিকল্পনা করে একটি চক্র। পরে রাতের আঁধারে দোকানের সাটারের তালা কেটে ভেতরে ঢুকে ৩৬টি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৫৫টি মোবাইল ফোন এবং নগদ ৬ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায় তারা। দোকান মালিকের দাবি, চুরি হওয়া মোবাইল, অন্যান্য সরঞ্জাম ও নগদ টাকাসহ ক্ষতির পরিমাণ ৬১ লাখ ১০ হাজার টাকা।

রবিবার (১৫ নভেম্বর) গভীর রাতে বরিশাল নগরীর সদর রোডের ফাতেমা সেন্টারের চতুর্থ তলায় ‘ব্লু ফোন’ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দোকান মালিক নাঈম আহম্মেদ।

নাঈম জানান, প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোকানে ফিরে সাটারের তালা কাটা দেখতে পান। পরে ভেতরে গিয়ে বিভিন্ন মডেলের ৩৬টি আইফোন, গুগল পিক্সেলসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৫টি মোবাইল ফোন খুঁজে পাননি। এ ছাড়া দোকানে রাখা ব্যবসার নগদ ৬ লাখ ১০ হাজার টাকাও চুরি হয়েছে।

দোকান মালিকের ভাষ্য, চুরির আগে বিকেল থেকেই কয়েক দফায় ক্রেতা সেজে দোকানে আসে চক্রের সদস্যরা। কেউ ব্যাটারি কেনার কথা বলে, আবার কেউ মোবাইল দেখতে চায়। এভাবে দোকানের পরিবেশ ও পরিস্থিতি বুঝে নেওয়ার পর রাতে দোকান বন্ধ হলে চুরির ঘটনা ঘটায় তারা।

দোকান ও ফাতেমা সেন্টারের সিসিটিভি ক্যামেরার ফুটেজেও চুরির আগে সন্দেহভাজন কয়েকজন যুবকের আনাগোনার চিত্র দেখা গেছে। একটি ফুটেজে বিকেলে এক যুবককে মোবাইলের ব্যাটারি খুঁজতে দোকানে ঢুকতে দেখা যায়। কিছুক্ষণ পর আরও তিন যুবক একসঙ্গে সেখানে প্রবেশ করে।

চুরির সময়ের আরেকটি ফুটেজে দেখা যায়, বিকেলে ক্রেতা সেজে আসা তিন যুবক কাঁধে ব্যাগ নিয়ে দোকানের সামনে আসে। তাদের একজন ব্যাগ থেকে যন্ত্র বের করে সাটারের তালা কাটে। এরপর ব্যাগ নিয়ে একজন দোকানের ভেতরে ঢোকে। বাইরে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার ভান করে পাহারা দেয় অন্য দুজন। চুরি শেষে তারা সেখান থেকে চলে যায়। অন্য একটি ফুটেজে পাঁচজনকে ফাতেমা সেন্টার থেকে বের হতে দেখা গেছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।