বরিশালে ছোট ভাইয়ের ট্রলি দুর্ঘটনার জেরে বড় ভাইকে মারধর

নিজেস্ব প্রতিবেদক | ২১:১১, নভেম্বর ১৭ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে ছোট ভাইয়ের চালানো ট্রলি দুর্ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বড় ভাইয়ের ফার্নিচারের দোকানে হামলা ও তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় দোকানের আসবাবও ভাঙচুর করা হয়। আহত আল আমিন মৃধাকে (২৭) প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্বাস্থ্য সেবা নিন

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের প্যাদার ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত আল আমিন মৃধা উপজেলার চরকমিশনার গ্রামের জামাল হোসেন মৃধার ছেলে।

আল আমিনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আল আমিন নিজের ফার্নিচারের দোকানে ছিলেন। এ সময় একই এলাকার আনোয়ার সিকদার, মিজান সিকদার ও মাসুম সিকদারের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালান। তাঁরা আল আমিনকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করেন। একপর্যায়ে দোকানের আসবাবও ভাঙচুর করা হয়।

পরে স্থানীয় লোকজন আহত আল আমিনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।

আল আমিনের বাবা জামাল মৃধার অভিযোগ, তাঁর ছোট ছেলে জাহিদ একই গ্রামের আনোয়ার সিকদারের একটি ট্রলি চালাতেন। কিছুদিন আগে ট্রলিটি মুলাদী-বরিশাল সড়কের বয়াতি বাড়িসংলগ্ন একটি খাদে পড়ে যায়। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করাকে কেন্দ্র করে আনোয়ারের সঙ্গে তাঁদের বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে আনোয়ার সিকদার লোকজন নিয়ে তাঁর বড় ছেলে আল আমিনের ওপর হামলা চালান। এতে আল আমিনের হাত ও পা ভেঙে গেছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে আনোয়ার সিকদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলব।’ এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, হামলা ও যুবককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।