নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ববিতে সাধারণ শিক্ষকদের মানববন্ধন
নিজেস্ব প্রতিবেদক|২০:৫৯, নভেম্বর ১৭ ২০২৬ মিনিট
সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষকরা। এ সময় এসব কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং প্রচলিত আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর নিচতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, সারা দেশে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপতৎপরতা চালাচ্ছে। বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ দেশপ্রেমিক শক্তি ও জনগণ এসব অপতৎপরতা প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির বলেন, ২০২৪ সালের পরাজিত শক্তি, যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষক সমাজ এ ধরনের কর্মকাণ্ডকে সভ্যতার পরিপন্থী মনে করে। সরকারের কাছে তাঁদের প্রত্যাশা, সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করে দেশে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করা। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আবদুল আলিম বছির বলেন, বাংলাদেশ কোনো দেশের দাসত্ব করার জন্য স্বাধীন হয়নি। অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তবে কোনো ধরনের প্রভুত্ব মেনে নেওয়া হবে না।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছাদেকুর রহমান, সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন, সহকারী প্রক্টর প্রভাষক গাজী সাখাওয়াত হোসেন ও সহকারী প্রক্টর মিনহাজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক।