ফকির পরিচয়ে চিকিৎসা! তদন্তে প্রশাসন

নিজেস্ব প্রতিবেদক | ২০:৪০, নভেম্বর ১৭ ২০২৬ মিনিট

পটুয়াখালীর মির্জাগঞ্জে ফকির পরিচয়ে ঝাড়ফুঁক ও বিভিন্ন রোগের চিকিৎসার নামে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, উপজেলার গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে তিনি দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বায়েজিদ একসময় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্তমানে নিজেকে ফকির পরিচয় দিয়ে তাবিজ-কবজ ও ঝাড়ফুঁকের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে বায়েজিদ জানান, তিনি কোনো রোগী দেখেন না; ফিরোজ নামে একজনের সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, চিকিৎসার নামে প্রতারণা বন্ধে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে অভিযান পরিচালনা করা হবে। ইউএনও শেখ মোহাম্মদ রাসেলও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। চিকিৎসার নামে কথিত ঝাড়ফুঁক ও অননুমোদিত কার্যক্রম বন্ধে তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।