এক দশক পর বরিশাল যুবদলে নতুন নেতৃত্ব, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?

নিজেস্ব প্রতিবেদক | ২০:৩৭, নভেম্বর ১৭ ২০২৬ মিনিট

প্রায় এক দশকের নেতৃত্বের বৃত্ত ভেঙে বরিশাল মহানগর, জেলা দক্ষিণ ও উত্তর যুবদলে নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন মুখ সামনে এলেও কমিটি ঘোষণার পর সংগঠনের ভেতরে শুরু হয়েছে নানা আলোচনা, অসন্তোষ ও হিসাব-নিকাশ। কারা নেতৃত্বে এলেন, কারা বাদ পড়লেন, কাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের ঘনিষ্ঠতা কাজ করেছে এবং পুরোনো নেতৃত্বের ভবিষ্যৎ অবস্থান কোথায়—এসব প্রশ্ন এখন বরিশালের বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নেতৃত্ব পরিবর্তনের এই ঘোষণাকে ঘিরে একদিকে নতুন কমিটির অনুসারীদের আনন্দ-উচ্ছ্বাস, অন্যদিকে পদপ্রত্যাশীদের একটি অংশের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। এমনকি কমিটি ঘোষণার পরপরই একজন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ নিয়ে ঘটে নাটকীয় পরিবর্তন। সব মিলিয়ে নতুন নেতৃত্বের অভিষেকের সঙ্গে সামনে এসেছে যুবদলের অভ্যন্তরীণ বিরোধ এবং স্থানীয় বিএনপির সাংগঠনিক সমীকরণের নানা দিক। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিন ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মহানগর যুবদলের সভাপতি হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না। দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। উত্তর জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ কায়ছার আহমেদ এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি। নতুন কমিটি ঘোষণার পর পদপ্রাপ্ত নেতাদের অনুসারীরা আনন্দমিছিল ও শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে একই সময়ে পদপ্রত্যাশী কয়েকজন নেতার অনুসারীদের মধ্যে দেখা যায় হতাশা। মহানগর যুবদলের সভাপতি পদপ্রত্যাশী ও সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের বাসায় শত শত কর্মী-সমর্থকের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়। কমিটি ঘোষণার সময় নগরীর কাউনিয়ার বাসায় অবস্থান করছিলেন মামুন। পদ না পেলেও নতুন কমিটিকে স্বাগত জানান তিনি। তবে তাঁর বাসায় কর্মী-সমর্থকদের এমন উপস্থিতি দীর্ঘদিনের সাংগঠনিক যোগাযোগ ও পুরোনো নেতৃত্বের প্রভাবের বিষয়টিও সামনে এনেছে। অর্থাৎ নেতৃত্ব বদল হলেও সংগঠনের ভেতরে পুরোনো বলয়ের সাংগঠনিক অবস্থান কতটা অক্ষুণ্ন রয়েছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সূত্র জানায়, বরিশাল মহানগর যুবদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১৬ সালের শেষ দিকে। ওই কমিটিতে সভাপতি ছিলেন আক্তারুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। ২০২৩ সালে শামীমকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে একপর্যায়ে বহিষ্কৃত হলেও পরে স্বপদে ফিরে আসেন মামুন। দক্ষিণ জেলা যুবদলের কমিটি গঠিত হয়েছিল ২০১৭ সালে। ওই কমিটির সভাপতি পারভেজ আকন বিপ্লবের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান মাসুদ রেজা খান। উত্তর জেলা যুবদলেও ২০১৬ সালের পর বিভিন্ন সময়ে নেতৃত্বে পরিবর্তন এলেও দীর্ঘদিন পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো ও নতুন কমিটির অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা। দীর্ঘ সময় পর তিন ইউনিটে নতুন নেতৃত্ব আসায় সাংগঠনিক স্থবিরতা কাটানোর সুযোগ তৈরি হয়েছে। তবে নেতৃত্ব নির্বাচনে পুরোনোদের কতটা মূল্যায়ন করা হয়েছে এবং নতুনদের সামনে আনার ক্ষেত্রে কী ধরনের সমন্বয় করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। নতুন কমিটি ঘিরে আলোচনার অন্যতম বিষয় কেন্দ্রীয় যুবদলের সভাপতি নুরুল ইসলাম নয়নের ভূমিকা। স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, বরিশাল মহানগর বিএনপি নেতা মীর জাহিদুল কবির জাহিদ এবং দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিনের সঙ্গে তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠতা রয়েছে। একইভাবে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল অঞ্চলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মঈনুদ্দীন রুবেলের সঙ্গে নতুন নেতৃত্বের কয়েকজনের যোগাযোগ নিয়েও আলোচনা চলছে। এসব সম্পর্ক কমিটি গঠনের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেছে কি না? সেই বিষয়টি স্থানীয় রাজনৈতিকদের ভাবিয়ে তুললেও কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। সূত্র নিশ্চিত করে কমিটি ঘোষণার পরপরই স্থানীয় নেতাকর্মীদের আলোচনায় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ এবং বিএনপির প্রভাবশালী নেতাদের অবস্থান ও দীর্ঘদিনের সাংগঠনিক বলয়ের বিষয়গুলো বারবার উঠে আসছে। ফলে নতুন কমিটি কেবল সাংগঠনিক যোগ্যতার ভিত্তিতে হয়েছে, নাকি এর পেছনে বৃহত্তর রাজনৈতিক সমন্বয়ও রয়েছে— সেই আলোচনা থামছে না। মহানগর যুবদলের কমিটি ঘোষণার পরপরই ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদ নিয়ে ঘটে নাটকীয় ঘটনা। প্রথম প্রকাশিত তালিকায় অহিদুল ইসলাম রুবেলের নাম থাকলেও ফেসবুকে কমিটির বিরোধিতা করে পোস্ট দেওয়ার প্রায় ৩০ মিনিটের মধ্যে সংশোধিত তালিকায় তাঁর নাম বাদ পড়ে। ওই পদে অন্তর্ভুক্ত করা হয় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম রনিকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে রুবেল অভিযোগ করেন, বরিশাল মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিবকে মহানগর যুবদলের সভাপতি করায় তিনি প্রতিবাদ করেছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই তাঁকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দিয়ে অন্যজনকে অন্তর্ভুক্ত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে রুবেল মন্তব্য করেন, প্রতিবাদ করায় যদি সঙ্গে সঙ্গে পদ চলে যায়, তাহলে মনে হয় প্রতিবাদই ভালো। তবে তাঁর নাম বাদ দেওয়ার কারণ কিংবা সংশোধিত তালিকা প্রকাশের বিষয়ে কেন্দ্রীয় যুবদলের আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে কমিটি ঘোষণার পরপরই এই পরিবর্তন সংগঠনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তৈরি করেছে। নতুন কমিটি ঘোষণার পর আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা সামনে এসেছে— যুবদলের পুরোনো নেতৃত্বের একটি অংশকে কি বিএনপির বিভিন্ন ইউনিট কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে? এক্ষেত্রে রাজনৈতিক মহলের একটি অংশের ধারণা, যুবদলে নতুন প্রজন্মকে সামনে আনার পাশাপাশি অভিজ্ঞ নেতাদের বিএনপির সাংগঠনিক কাঠামোয় যুক্ত করার একটি সমন্বয় থাকতে পারে। যদিও এ বিষয়ে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। অবশ্য দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন আগেই জানিয়েছিলেন, বিএনপিতে স্থান না পেলে তিনি যুবদলের সভাপতি পদে প্রার্থী হবেন। কিন্তু নতুন কমিটিতে তাঁর নাম না আসায় তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান নিয়েও আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন কমিটি না হওয়ায় আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম জাহান এবং দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু। তাঁরা নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন। সে সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দীন রুবেল বলেছিলেন, নতুন ও পুরোনোদের সমন্বয়ে নেতৃত্ব গঠন করা হতে পারে। নতুন কমিটিতে সেই সমন্বয় কতটা প্রতিফলিত হয়েছে, তা নিয়েও আলোচনা রয়েছে। বরিশালের তিন ইউনিটে নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের নেতৃত্বের অপেক্ষার অবসান ঘটলেও সাংগঠনিক ঐক্যের প্রশ্নটি এখনো সামনে রয়েছে। নতুন নেতৃত্বকে একদিকে নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্ত করতে হবে, অন্যদিকে পদবঞ্চিত ও পুরোনো নেতাদের সঙ্গে সম্পর্কের ভারসাম্যও রক্ষা করতে হবে। বিশেষ করে মহানগর যুবদলে সাবেক নেতৃত্বের অনুসারীদের উপস্থিতি, দক্ষিণ জেলা যুবদলে দীর্ঘদিনের সাংগঠনিক বলয় এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে স্থানীয় নেতাদের সম্পর্ক— সবকিছু মিলিয়ে নতুন কমিটির পথচলা সহজ হবে কি না, তা নিয়ে আলোচনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুবদলের এই নেতৃত্ব পরিবর্তনকে শুধু তিনটি কমিটি ঘোষণার ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে স্থানীয় বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক বিন্যাস, পুরোনো নেতৃত্বের পুনর্বাসন এবং নতুন প্রজন্মকে সামনে আনার প্রশ্নও জড়িত। তবে এসব সমীকরণের বাস্তব প্রতিফলন নির্ভর করবে পরবর্তী দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক কার্যক্রমের ওপর। দীর্ঘদিন পর নেতৃত্ব পাওয়া নতুনরা কতটা সক্রিয়ভাবে সংগঠন পরিচালনা করতে পারেন, পদবঞ্চিতদের কতটা পাশে রাখতে পারেন এবং পুরোনো নেতৃত্বের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে পারেন— এখন সেটিই দেখার বিষয়।’