পাঁচ দিনেই নষ্ট ৩৬০০ টাকার জুতা, প্রতিকার পেতে ঘুরছেন ক্রেতা!

নিজেস্ব প্রতিবেদক | ২১:৩৫, নভেম্বর ১৬ ২০২৬ মিনিট

দাম শুনে মান ভালো হবে, এমন প্রত্যাশা নিয়েই ৩ হাজার ৬০০ টাকা খরচ করে এক জোড়া জুতা কিনেছিলেন মো. তাজবিদ। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। কেনার কয়েক দিন পর ব্যবহার শুরু করে মাত্র পাঁচ দিনের মাথায় জুতার পেস্টিং খুলে যেতে শুরু করে। এরপর দোকানে গিয়ে পরিবর্তন চেয়েও মেলেনি সমাধান। শেষ পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার দাবি করেছেন এই ক্রেতা। ঘটনাটি বরিশাল নগরীর চকবাজার উলফৎ প্লাজার এমটি সু কালেকশনের। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বেশি দামে নিম্নমানের জুতা বিক্রির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী তাজবিদ। তার প্রশ্ন, কয়েক হাজার টাকা দিয়ে কেনা একটি জুতা যদি পাঁচ দিনও ভালো না থাকে, তাহলে ক্রেতার দায়বদ্ধতা কোথায় গিয়ে দাঁড়ায়? অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর এমটি সু কালেকশন থেকে ৩ হাজার ৬০০ টাকায় এক জোড়া জুতা কেনেন তাজবিদ। বাসায় নেওয়ার চার-পাঁচ দিন পর জুতাটি ব্যবহার শুরু করেন। কিন্তু নিয়মিত ব্যবহারের মাত্র পাঁচ দিনের মাথায় জুতার পেস্টিং খুলে যায়। নতুন জুতা অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাওয়ায় হতাশ হয়ে সেটি নিয়ে দোকানে যান তিনি। তবে সেখানে গিয়ে প্রত্যাশিত সমাধান পাননি বলে অভিযোগ করেছেন তাজবিদ। দোকান কর্তৃপক্ষ জানায়, কেনার সাত দিন পার হয়ে যাওয়ায় জুতা পরিবর্তন করে দেওয়ার সুযোগ নেই। এতে ক্ষুব্ধ হয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তিনি। কিন্তু সেখানেও প্রতিকার মেলেনি বলে দাবি তার। তাজবিদের অভিযোগ, অধিদপ্তর থেকে তাকে জানানো হয়, ক্রয়ের সাত দিন অতিক্রম করায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সহকারী পরিচালক সুমী রাণী মিত্র তার অভিযোগ যথাযথ গুরুত্ব দেননি বলেও দাবি করেন তিনি। অন্যদিকে অভিযোগের বিষয়ে এমটি সু কালেকশন কর্তৃপক্ষের বক্তব্য ভিন্ন। প্রতিষ্ঠানটির দায়িত্বরত ব্যবস্থাপক জানান, বিক্রি করা জুতাটিতে টেম্পার না থাকায় পেস্টিং খুলে গেছে। ক্রয়ের ১১ দিন পর ক্রেতা জুতাটি নিয়ে আসায় পরিবর্তন করে দেওয়ার সুযোগ ছিল না। তবে জুতাটিতে আঠা লাগিয়ে মেরামত করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ক্রেতা সেই প্রস্তাবে রাজি না হয়ে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র বলেন, ক্রয়ের সাত দিন অতিক্রম করায় আইন অনুযায়ী তাদের কিছু করার ছিল না। ক্রেতা প্রতারিত হয়েছেন বলে তিনি বুঝতে পারলেও আইনের বাইরে গিয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে পুরো ঘটনায় ক্ষোভ কাটছে না ভুক্তভোগী তাজবিদের। তার ভাষায়, ৩ হাজার ৬০০ টাকা দিয়ে কেনা জুতা পাঁচ দিনও ব্যবহার করা গেল না। দোকানে গিয়ে যেমন সমাধান মেলেনি, তেমনি অভিযোগ জানিয়েও প্রতিকার পাওয়া যায়নি। এতে একজন সাধারণ ক্রেতা হিসেবে তিনি হতাশ। তাজবিদ এমটি সু কালেকশনের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তার মতে, ক্রেতারা পণ্যের মান ও স্থায়িত্বের প্রত্যাশা নিয়েই টাকা খরচ করেন। কিন্তু পণ্য কেনার পর ত্রুটি দেখা দিলে যদি প্রতিকার পাওয়ার পথ বন্ধ হয়ে যায়, তাহলে ভোক্তার স্বার্থ সুরক্ষিত থাকবে কীভাবে? এ ঘটনায় পণ্যের গুণগত মান, বিক্রয়-পরবর্তী সেবা এবং ক্রেতার অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা ভুক্তভোগীসহ সচেতন ক্রেতাদের।