১৫ বছরের ঘাটে একদিনেই কর্তৃত্ব বদল! দুই ট্রলার দখলের অভিযোগ যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

নিজেস্ব প্রতিবেদক | ২০:৪৩, নভেম্বর ১৬ ২০২৬ মিনিট

পটুয়াখালীর গলাচিপায় তেঁতুলিয়া নদীর খেয়াঘাটে যাত্রী পারাপারের দুটি ট্রলার ঘিরে দখলবাজির অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে। বন্যাতলি ও চরকাজল খেয়াঘাটে চলাচলকারী ট্রলার দুটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যাত্রী পারাপার ও ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এতে প্রায় ১৫ বছর ধরে ব্যবসা পরিচালনা করা ট্রলারের মালিকপক্ষ পড়েছে বিপাকে। মালিকপক্ষের দাবি, প্রায় ২০ লাখ টাকা মূল্যের ট্রলার দুটি দখলে নেওয়ার পর তাদের কর্মচারীদের ঘাট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন অভিযুক্তরাই ট্রলার চালিয়ে যাত্রী পারাপার করছেন এবং ভাড়া আদায় করছেন। ঘটনাটি ঘটেছে গত ১১ নভেম্বর সকালে। এ ঘটনায় ট্রলার দুটির ব্যবস্থাপক ইমাম হোসাইন মিলন ১৩ নভেম্বর গলাচিপা থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন। একই সঙ্গে অভিযোগ দেওয়া হয়েছে পটুয়াখালী নদীবন্দর কর্তৃপক্ষের কাছেও। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মেসার্স ব্রাদার্স নেভিগেশন ও মেসার্স বিথী এন্টারপ্রাইজের নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রুট পারমিট নিয়ে তেঁতুলিয়া নদীর বন্যাতলি ও চরকাজল খেয়াঘাটে দীর্ঘদিন ধরে যাত্রী পারাপার করা হচ্ছিল। ট্রলার দুটি পরিচালনার দায়িত্বে ছিলেন ইমাম হোসাইন মিলন। অভিযোগে বলা হয়েছে, ১১ নভেম্বর সকাল ১০টার দিকে গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক আ. রব বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার মাতব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ডিপটি ও ছাত্রদলের সদস্য নিশাদসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি বন্যাতলি খেয়াঘাটে যান। পরে বিআইডব্লিউটিএর পন্টুনে বাঁধা ট্রলার দুটি নিজেদের নিয়ন্ত্রণে নেন তারা। এ সময় ব্যবস্থাপক ইমাম হোসাইন মিলন ও ট্রলারের কর্মচারীরা প্রতিবাদ করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ঘাট ছেড়ে চলে যেতে বলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ট্রলার ব্যবস্থাপক ইমাম হোসাইন মিলনের অভিযোগ, ট্রলার দুটি দখলে নেওয়ার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরাই সেগুলো দিয়ে যাত্রী পারাপার করছেন। স্থানীয় গণমাধ্যমে বিষয়টি জানানোর পরও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় ও নদীবন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিতে হয়েছে। ট্রলার মালিক হুমায়ুন কবীর বলেন, বিআইডব্লিউটিএর রুট পারমিট নিয়ে প্রায় ১৫ বছর ধরে তেঁতুলিয়া নদীর বন্যাতলি ও চরকাজল খেয়াঘাটে যাত্রী পারাপারের ব্যবসা করছেন তিনি। অথচ গত ১১ নভেম্বর তার প্রায় ২০ লাখ টাকা মূল্যের দুটি ট্রলার নিজেদের বলে দাবি করে দখলে নেওয়া হয়েছে। কর্মচারীদের ঘাট থেকে সরিয়ে দিয়ে এখন অন্যরাই যাত্রী পারাপার ও ভাড়া আদায় করছেন। তিনি আরও জানান, বিষয়টি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান এবং স্থানীয় বিএনপির নেতাদের জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ পাননি। তবে ট্রলার দখলের অভিযোগ অস্বীকার করেছেন গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রব বেপারী। তার দাবি, এখানে দখলের কোনো বিষয় নেই, স্থানীয়রাই নৌযান চালাচ্ছেন। অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার মাতব্বরও। তিনি বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, বিষয়টি তার জানা নেই। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, এ ধরনের কোনো অভিযোগ তিনি হাতে পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক জাকী শাহারিয়ার জানিয়েছেন, ট্রলারের মালিকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তার দপ্তর থেকে গলাচিপা থানা-পুলিশকে আইনগত সহায়তার জন্য বলা হয়েছে। পাশাপাশি ট্রলারের মালিককে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দীর্ঘদিনের ব্যবসা, বিনিয়োগ ও জীবিকার ওপর এমন ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় নৌযান ব্যবসায়ীদের মধ্যে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ট্রলার দুটির প্রকৃত মালিকানা ও পরিচালনার অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মালিকপক্ষ।